শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকুক। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে, সেই প্রত্যাশা রইল।
গতকাল শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে এভাবে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিল। আজকে তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্ব মানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এ অনুষ্ঠান শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কার্যকর প্রদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা।’
‘শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক, মাধ্যমকি, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এ ধারা অব্যাহত থাকবে’, বলেন মন্ত্রী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন