মেহেরপুরের গাংনীতে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রামনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল রামনগর গ্রামের বাগানপাড়া এলাকার মইদুল ইসলামের ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে শাকিল তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি গোরস্তানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন জানান, গ্রেপ্তারকৃত শাকিলকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন