মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের মৃত নজের আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাবপাড়া এলাকার একটি মার্কেটে একটি দোকানের টিনের ছাউনি নির্মাণের কাজ করছিলেন এনামুল হক। এ সময় দোকানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে টিন স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পর্শ হন এবং নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে মনোয়ারা খাতুনও বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন