কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া।
পুলিশ জানায়, গতকাল সকালে রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার একটি বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেÑ এমন খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে এসআই মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে আমির হোসেন ওরফে কালাবাঁশির (২৭) বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ আমির হোসেন (কালাবাঁশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস ওরফে শুভ রাজ এবং শেফায়েত নূর। তারা রামু থানার বাসিন্দা।
পুলিশের দাবি, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দেশে তৈরি একটি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনেশন, শটগানের কার্তুজ, কিরিচ, চকোলেট বোমা, অস্ত্র তৈরির নকশা এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও যন্ত্রপাতি।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন