কুমিল্লার লাকসামে বাবার সঙ্গে অভিমান করে রিপন হোসেন (২০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নাজির আহমেদের ছেলে। গত শুক্রবার রাতে নিজ কর্মস্থল মৎস্য খামারে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে রিপনের সঙ্গে তার বাবার মান-অভিমান চলছিল। শুক্রবার রাতে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি খামারে চলে যান। পরে সেখানেই গলায় ফাঁস দেন। শনিবার সকালে খামারের মালিক আবুল বশর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে যান ও পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিপনের বাবা একটি গরু বিক্রি করেন। এ নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন স্বজনরা। নিহতের ভাইয়ের অভিযোগ, তাদের বাবা নিয়মিত নেশা করতেন, যা পরিবারে অশান্তির অন্যতম কারণ ছিল। স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও মো. শাহাবুদ্দিন জানান, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন