বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজা মন্ডলের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমকি পাওয়া সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।
মুহাম্মাদ আবু মুসা জানান, দুই মাস আগে ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে বরাদ্দ হওয়া ভিজিএফের চাল বিতরণে প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল অনিয়ম করলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিই। এ ঘটনায় বিভিন্ন সময়ে নানা ধরনের কথাবার্তা বললেও গত ১৯ মে বিকেলে মহানগরের জেলা পরিষদ এলাকায় আমাকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ থেকে একটু সরে আয়, তোকে পিটিয়ে মেরে ফেলব। আর কীভাবে তোকে সাইজ করতে হয় তা বুঝতে পারবি।’ এ ছাড়া আরও নানা ধরনের কথাবার্তা বলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
এ ঘটনায় দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাইদসহ জাতীয় সাংবাদিক সংস্থার নেতাদের জানান ভুক্তভোগী। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, এ-সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বসহকারে তদন্ত করে যথার্থভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন