কোটি টাকা মূল্যের কোকেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়ার আপন মামা এবং উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেই মাদককা-ের খবর প্রকাশ্যে আসার পর এবং অভিযোগের সত্যতা মেলার পরিপ্রেক্ষিতেই গতকাল তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদক কিংবা যেকোনো ধরনের অপকর্মে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালী ব্যক্তিই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এই ধরনের অপরাধী ও বিতর্কিত ব্যক্তির কোনো স্থান নেই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন