আসন্ন বর্ষায় চট্টগ্রাম মহানগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে ড্রেনেজব্যবস্থা পরিষ্কার রাখা, ম্যানহোলের ঢাকনা ও রেলিং স্থাপন এবং সিসিটিভির মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল সোমবার টাইগারপাসের চসিক কার্যালয়ে আয়োজিত চসিকের বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় প্রধানরা স্ব-স্ব বিভাগের চলমান কার্যক্রম ও করণীয় তুলে ধরেন।
সভায় মেয়র প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে বলেন, গত বছর যে সব পয়েন্টে জলাবদ্ধতা হয়েছিল সেগুলোকে চিহ্নিত করে এ বছর সেখানে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সঙ্গে কথা বলে যে সব স্থানে পানি অপসারণের জন্য পাম্প বসানো প্রয়োজন, সে সব স্থানে পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে ৮-১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে সিসিটিভির আওতায় আনতে হবে, যাতে প্রবল বর্ষার সময়ে সে সব স্থানের পরিস্থিতি মনিটরিং করা যায়। যে সব স্থানে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে অথবা নেই, সেগুলোতে ম্যানহোলের ঢাকনা স্থাপনের ব্যবস্থা করতে হবে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন খাল ও নালার পাশে সুরক্ষার জন্য রেলিং নির্মাণ করতে হবে। এ ছাড়া নগরীর পরিচ্ছন্নতা উন্নয়নে পরিচ্ছন্নতা বিভাগের প্রতিটি জোনের কোন কোন অংশ থেকে ময়লা অপসারণ ব্যাহত হচ্ছে, সেগুলো চিহ্নিত করতে বলেন মেয়র। প্রয়োজনে যে সব স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই, সেগুলোতে এসটিএস স্থাপনের নির্দেশ দেন তিনি।
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তাকে চট্টগ্রাম সিটির রাজস্ব আদায় বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে মেয়র বলেন, বন্দর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাপ্য রাজস্ব যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এ ছাড়া যে সব কন্টেইনার ইয়ার্ডের রাজস্ব নির্ধারণ করা বা পুনর্নির্ধারণ প্রয়োজন, সেগুলোর রাজস্ব যথাযথভাবে নির্ধারণ করতে হবে। প্রতিবছর চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় গত কয়েক বছরে কতগুলো ফ্ল্যাটের মালিকানা নিবন্ধিত হয়েছে, সেগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে কি না, সেগুলোর জন্য তথ্য সংগ্রহের নির্দেশনা দেন মেয়র। এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার করা প্রয়োজন জানালে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যে সব ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সংস্কারের নির্দেশনা দেন মেয়র।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন