দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালার গ্রিল থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ভবনের টয়লেটের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহত কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার (অষ্টম ফ্লোর) টয়লেটের জানালার গ্রিলের বাইরে মো. কামাল হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

