দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি গত বছরের ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি কথা দিয়ে কথা রাখে এ জন্য পানিসম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন।’
গতকাল শুক্রবার পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের নেতা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘এ অঞ্চলের মানুষের একসময় গোলাভরা ধান ছিল, গোয়ালভরা গরু ছিল, পুকুরভরা মাছ ছিল; আর মুখে ছিল ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাত। তিস্তা ছিল মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরানভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরী হয়েছে, কে কোথা চলে গেছে কেউ জানে না। তাই আমাদের সবার দাবি তিস্তার বুকে প্রাণ আর সেই প্রাণই ‘পানি’।

