ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ডা. আশীষ কুমার চক্রবর্তী পেলেন গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৫:৫২ এএম

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। গত বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থকণ্ঠ এবং বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম। এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং সাপ্তাহিক অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে এই বিশেষ সেমিনার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ডা. আশীষ কুমার চক্রবর্তী বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নৈতিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বাস্থ্যনীতি সংস্কারে দূরদর্শী ভূমিকা পালন করে আসছেন। ২০০৪ সালে তৎকালীন আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে যোগদানের পর তার অসামান্য প্রশাসনিক দূরদর্শিতা ও প্রচেষ্টায় ২০১৩ সালে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’-এ রূপান্তরিত হয়। তার দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি আজ ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এবং ইউনিভার্সেল নার্সিং কলেজসহ একটি বৃহৎ, স্বনামধন্য ও অন্যতম রেফারেল স্বাস্থ্যসেবা হাবে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) মতো মর্যাদাপূর্ণ জাতীয় সংগঠনের সঙ্গে যুক্ত। একই সঙ্গে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-েও সম্পৃক্ত।

ডা. আশীষ কুমার চক্রবর্তী তার এই মাইলফলক ছোঁয়ার পেছনে বড় বোন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, আইকনিক নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তীর নিরলস সমর্থন ও দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তার স্ত্রী করপোরেট ব্যক্তিত্ব নীতা চক্রবর্তী এবং একমাত্র পুত্র দিব্যময় চক্রবর্তীকে (রিজু) নিয়ে ঢাকায় বাস করছেন। ডা. আশীষ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়ার আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর পুত্র।