জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদ্য নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব চাকরিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রবেশ করেন। এরপরে তিনি সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি জানিয়েছেন।
আহসান হাবিব গত সোমবার এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি বর্তমানে সংস্থার কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন তিনি।
আহসান হাবিব বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েকশ কোটি টাকা কর ফাঁকি উদ্ঘাটন করেন। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন।
আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন