ময়মনসিংহ নগরীর গুলপুকুর পাড় এলাকায় পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ ও গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সৌভাগ্যবশত কোনো অগ্নিকা-ের ঘটনা ঘটেনি। গত সোমবার সন্ধ্যায় মৈত্রী টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে তা লিক হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে ওই এলাকায় অবস্থানরত মানুষ তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ অবস্থায় ৩৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ৩৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার অবস্থাও বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
ঘটনার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই অনাকাক্সিক্ষত ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, শহরে যারা এভাবে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও এর পেছনে কাদের গাফিলতি বা দায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন