বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগদান করেছেন ফারুক আহমেদ। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, লাইবেরিয়া ও দারফুর জাতিসংঘ মিশন, পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পালন এবং দেশের বিভিন্ন জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন। বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি স্বীয় মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন।
গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন তিনি। কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে তার অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশিং বিষয়ে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছেন।
হাইওয়ে পুলিশের সব স্তরের কর্মকর্তা ও সদস্য নবাগত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব মালিক-শ্রমিক সংগঠনসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তার যোগদানের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমুখী পুলিশি সেবা আরও গতিশীল ও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন