রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার মামলায় বাবা কবির ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রিমান্ডের আদেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান। ৭ মাস বয়সি রাফা মণি কবিতাকে গেল ১৫ জুলাই সন্ধ্যায় আছাড় মারেন বাবা কবির ইসলাম। এরপর স্থানীয়রা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানার পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ১৬ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। রাফা মণিকে আছড়ে হত্যার ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বৃহস্পতিবার তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ঠিক করেন।
এসআই হেলাল উদ্দিন বলেন, ‘এদিন শুনানিকালে কবির ইসলামকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।’
মামলার বিবরণে বলা হয়েছে, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মণি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুর মাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মণিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে রাফা মণির মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন