× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:১৯ এএম

সরকারি অর্থ সাশ্রয়ে পৌর প্রশাসকের অনন্য নজির

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:১৯ এএম

সরকারি অর্থ সাশ্রয়ে পৌর প্রশাসকের অনন্য নজির

নেত্রকোনা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সদ্য বিদায়ি পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার। কাজের মান ঠিক রেখে কোটি টাকারও বেশি অর্থ সাশ্রয় করে নতুন সড়ক নির্মাণ এবং সরকারি কোষাগারে প্রায় ৬০ লাখ টাকা ফেরত দিয়ে তিনি পৌরসভার ইতিহাসে বিরল নজির স্থাপন করেছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এনপিআইডিপি প্রকল্পের চারটি প্যাকেজের সড়ক নির্মাণকাজ থেকে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা সাশ্রয় করা হয়। এই অর্থ দিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ১.২ কিলোমিটার দৈর্ঘ্যরে ৬টি নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মোক্তারপাড়া এলাকায় ৩৬ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে তিনটি সড়ক (৪০০ মিটার), চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ৬৮ লাখ ৫০ হাজার টাকায় ৫০০ মিটার সড়ক, পশ্চিম সাতপাইয়ে ২১ লাখ ৩৬ হাজার টাকায় ২৪০ মিটার সড়ক এবং মনিকা রোডে ৭ লাখ টাকায় ৬০ মিটার সড়ক নির্মাণ করা হয়।

উন্নয়ন কাজের পাশাপাশি এনপিআইডিপি প্রকল্পের অব্যবহৃত আরও ৫৯ লাখ ২৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মিফতাহুল জামিয়া উলুম মাদ্রাসা প্রকল্প থেকে ১৬ লাখ ২৬ হাজার টাকা, হাটখোলা রোড ড্রেন থেকে ১০ লাখ টাকা, বাহির চাপড়া সড়ক থেকে ৩০ লাখ টাকা এবং উকিলপাড়া ড্রেন থেকে ৩ লাখ টাকা জমা দেওয়া হয়।

এ ছাড়া আধুনিক ও উন্নত নগর গড়তে তার মেয়াদে সাতপাই কলেজ থেকে রেলওয়ে ক্রসিং ও হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় আরসিসি সড়ক, সেতু সংস্কার, ধলাই নদী সংস্কার ও বড় দুটি সাঁকো নির্মাণ করা হয়েছে। পৌরসভায় প্রায় ১০ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন সম্প্রসারণের মাধ্যমে ৪০০টি নতুন সড়ক বাতি স্থাপন এবং ৫৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে তিনি আর্থিক শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সচেতন মহলের মতে, একই বরাদ্দের অর্থ থেকে সাশ্রয় করে নতুন উন্নয়ন কাজ বাস্তবায়নের এই উদ্যোগ সরকারি অর্থের কার্যকর ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। জনগণকে সম্পৃক্ত করে এমন উন্নয়ন পরিকল্পনা নেত্রকোনায় এই প্রথম বাস্তবায়িত হয়েছে।

এ বিষয়ে পৌরসভার সদ্য বিদায়ি প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, সরকারি অর্থের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কাজের মানের সঙ্গে কোনো ধরণের আপোষ না করেই ব্যয় সাশ্রয় করা হয়েছে। সেই অর্থ আবার জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!