আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী বিভাগে মোট ৫ হাজার ২৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েনসহ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়নে প্রায় ২ কোটি ৩ লাখ মানুষ বসবাস করেন। চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬।
গতকাল বুধবার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ‘নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ভোটাররা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’
নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে: সেনাবাহিনী ১০ হাজার, বিজিবি ৪,১২৩, রেঞ্জ পুলিশ ১৩,৭৯৬, র্যাব ১,০০৬, আরএমপি ২,৪০৫ এবং আনসার ৭২,৭৩৬ জন। প্রতি আসনে গড়ে ২,৬৬৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি এবং ২ হাজার ৩১৮টি কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান চালানো হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ৫৬টি আগ্নেয়াস্ত্র এবং রাজশাহী রেঞ্জ পুলিশ ৭৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। একই সময়ে বৈধ অস্ত্র জমা পড়েছে ৪ হাজার ৫৯৪টি।
নির্বাচনকালে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে কোর কমিটি সক্রিয় রয়েছে এবং জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়েন্ট অপারেশন সেল চালু রয়েছে, যা ভোট-পরবর্তী সময় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি মিডিয়া সেল থেকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রচার করা হচ্ছে। বিভাগীয় কমিশনার আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় রাজশাহী বিভাগের ৩৯টি আসনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

