দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এক সময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন। অন্যদিকে, চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টকশোÑ ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ। খুব শিগগির পর্বটি প্রচার হবে বলে জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, খুব অল্প সময়ে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
এরই মধ্যে অসংখ্য তারকাশিল্পী আমার অনুষ্ঠানে হাজির হয়ে অনেক অজানা গল্প ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। এবারের পর্বে মারুফ ভাই কথা বলেছেন তার ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে। আশা করছি, দর্শক নতুন পর্বটিও পছন্দ করবেন। জানা গেছে, আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় নতুন পর্ব প্রচারিত হবে শুধু ঠিকানা টিভিতে। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন জায়েদ খান। জুলাই আন্দোলনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন