ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আমারে দেব না ভুলিতে’

আনন্দ আড্ডা প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৪১ এএম

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ধ্রুবতারাসমÑ প্রেম এবং দ্রোহের কবি। বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। চরম দারিদ্র্যতার সঙ্গে লড়াই করে তার বেড়ে ওঠা। বাল্যকাল থেকেই নানাবিধ কাজের সঙ্গে যুক্ত থেকে তিনি জীবন ধারণ করেছেন। মূলত কলকাতা শহরে নজরুলের সাহিত্য রচনার অভিষেক ঘটে। জীবনের বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেছেন, বাংলা শিল্প-সাহিত্যের পূর্ণশহরÑ এই কলকাতায়। নানা কারণে বারবার ঠিকানা বদল করেছেন। এই শহরে ছড়িয়ে রয়েছে তার বহু স্মৃতি। নজরুল-স্মৃতি বিজড়িত এই শহরেই তার ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক নজরুলবিষয়ক প্রদর্শনীর আয়োজন করছে নজরুল চর্চা কেন্দ্র ছায়ানট (কলকাতা)।

জানা গেছে, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের সুনয়নী চিত্রশালা ও চিত্তপ্রসাদ গ্যালারিতে আগামী ২৩ মে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কাজী নজরুল ইসলামের পৌত্র, বিশিষ্ট গিটার বাদক কাজী অরিন্দম। প্রদর্শনী চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নজরুলপ্রেমীরা উপভোগ করবেন নজরুল-সংক্রান্ত বিরল সামগ্রী দিয়ে সাজানো এই প্রদর্শনী। সোমঋতা মল্লিকের ভাবনায় দুই বাংলার বিশিষ্ট সংগ্রাহকদের সংগ্রহ দিয়ে অতি যতেœ সাজানো হচ্ছে এই প্রদর্শনী।

ভারতবর্ষে নজরুল-স্মৃতি বিজড়িত জায়গাগুলো সম্পর্কে নজরুলপ্রেমীদের অবগত করার উদ্দেশে দীর্ঘ ১৮ বছর ধরে সোমঋতা মল্লিকের পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ছায়ানট। তারও কিছু ঝলক থাকবে এই প্রদর্শনীতে। নজরুল কলকাতায় যেসব বাড়িতে থেকেছেন, ২০১৮ সালে সোমঋতা মল্লিকের তত্ত্বাবধানে মাসুদুর রহিম রুবাইয়ের ক্যামেরায় তোলা সেই বাড়িগুলোর ছবিও প্রদর্শিত হবে।

এই উদ্যোগ সম্পর্কে ছায়ানট (কলকাতা)-এর সভাপতি এবং প্রদর্শনীর কিউরেটর সোমঋতা বলেন, ‘আমাদের প্রাণের কবির জীবন ও সৃষ্টি সম্পর্কে জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে অবগত করার উদ্দেশ্যেই আমাদের এই ৭ দিনব্যাপী বিশেষ আয়োজন। নজরুল-সংক্রান্ত দুর্লভ সামগ্র কীভাবে দীর্ঘদিন সযতেœ লালন করছেন সংগ্রাহকরা তা দেখে আমরা সত্যিই বিস্মিত। প্রদর্শনী উদ্বোধনের দিন (২৩ মে), আমরা নজরুলপ্রেমীদের পক্ষ থেকে সংগ্রাহকদের বিশেষ সম্মান প্রদান করব। প্রতিদিন গ্যালারিতে বসবে নজরুলপ্রেমীদের আড্ডা, থাকবে নজরুল-সংক্রান্ত ক্যুইজ ও নজরুল-শব্দবাজি, গ্রামোফোন রেকর্ড প্লেয়ারে শোনা যাবে নজরুলসংগীত। নজরুলপ্রেমীদের সাদর আমন্ত্রণ।’