ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ২০

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৬:৪৪ এএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সোমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সোমা আক্তার ওই এলাকার সাদ্দাম হোসেনেঝর স্ত্রী। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নূর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে নূর ইসলামের লোকজন বাধা দেন। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নূর ইসলাম পক্ষের সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্য ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হয়। পরে তাদের মধ্যে ৭ জনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের মধ্যে রয়েছেনÑ আছমা আক্তার, সোহেল মিয়া, হারুনা বেগম, লিমা, শারমিন, শাহীন মিয়া, নূরুল ইসলাম, ইদ্রিস মিয়া ও ছাত্তার মিয়া। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।