চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সি হুমাইরা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে গুরুতর অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমাইরা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল তাকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয় এবং পরবর্তীতে পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়। অবস্থার অবনতি হলে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় এবং ২৩ এপ্রিল ছাড়পত্র দিয়ে বাড়ি নেওয়ার পরদিন তার মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি জেলায় হামে প্রথম মৃত্যুর ঘটনা। বর্তমানে আরও কয়েকজন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

