ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড সৃষ্টি করে গরুবাহী ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে মারধর করে গাছে বেঁধে রেখে ১০টি গরু লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার বালুজুড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান ট্রাকটির সামনে ব্যারিকেড সৃষ্টি করে পথরোধ করে।
এ সময় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ট্রাকচালক আক্রাম হোসেনের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন। পরে ডাকাতরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি এলাকায় নিয়ে যায়।
সেখানে চালক আক্রাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে ট্রাকে থাকা ১০টি গরু ডাকাতদের ব্যবহৃত পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।
ভোরে স্থানীয় লোকজন গাছে বাঁধা অবস্থায় দুজনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে খালি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ট্রাকচালক আক্রাম হোসেন জানান, ভোরে বালুজুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ট্রাকের সামনে এসে পথরোধ করে। পরে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ট্রাকটি ছিনিয়ে নেয়। পরে ফেলনা এলাকায় নিয়ে তাকে ও হেলপারকে গাছে বেঁধে রেখে গরুগুলো নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লুট হওয়া গরু উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন