মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে সিরিয়া আক্তার (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চরশ্যামাইল গ্রামের বাসিন্দা আলমগীর ঢালীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পানি তোলার মোটরের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন সিরিয়া আক্তার। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিরিয়া আক্তারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

