ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে বিপাকে যুবক  

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৫৫ এএম

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে অভিনব পন্থায় মাদক লুকানোর চেষ্টা করে বিপাকে পড়েছেন সোহাগ ফকির (৩৬) নামের এক যুবক। পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ১৯টি ইয়াবা ট্যাবলেট গিলে ফেললে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ ফকির মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে যান জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওই এলাকার একটি স মিলের পাশ থেকে পুলিশ সোহাগকে আটকের চেষ্টা করলে তিনি কৌশলে নিজের কাছে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে ফেলেন। তবে পুলিশ তার কাছ থেকে অন্য একটি প্যাকেটে থাকা আরও ১৯টি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

আটকের পর সোহাগকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হলে তিনি দ্রুত অসুস্থ বোধ করতে থাকেন। পাকস্থলীতে ইয়াবা চলে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবু নাঈম জানান, গ্রেপ্তার এড়াতেই ওই যুবক ইয়াবাগুলো গিলে ফেলেছেন। তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।