দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালীরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্না ইসলাম ঈদের ছুটিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার খানসামা উপজেলার জোয়ার এলাকায় লিচুর বাগান দেখতে গিয়ে দুই ভাই আত্রাই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। খানসামা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মান্না ইসলামকে উদ্ধার করেন। পরে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সাদ্দাম ইসলামের মরদেহ উদ্ধার করে।
খানসামা থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হন। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন