যশোরে পাচারের সময় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের বিজিবি যশোর ব্যাটালিয়ন ৪৯-এর ১ নম্বর গেটের সামনে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা ঢাকার দোলাইরপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণ ছাড়াও পাচারকারীদের ব্যবহৃত প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

