কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় ট্রাক ও শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই একটি ট্রাক লালন শাহ সেতুর দিকে যাচ্ছিল। দশমাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিয়ন্ত্রণ করি এবং হাইওয়ে পুলিশকে বিষয়টি জানাই।’
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন