কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর হয়ে প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নিয়োগ কর্তৃপক্ষ প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। এর আগে গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া কার্যালয়ে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তৃপক্ষের। পরে কাগজপত্র যাচাই ও নিবিড় জিজ্ঞাসাবাদে প্রবেশপত্রের ছবি জালিয়াতি এবং প্রকৃত প্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিয়োগ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটক চারজনের বিরুদ্ধে মামলা হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন জঘন্য প্রতারণায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন