চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে জুবায়ের হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোগোলবগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে টাইলস লাগানোর কাজ করছিল জুবায়ের। কাজ করার একপর্যায়ে পা পিছলে সে জানালার গ্রিলের ওপর পড়ে যায়। এ সময় গ্রিলে থাকা বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থাকায় সে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়রা বলছেন, সামান্য অসতর্কতা ও বৈদ্যুতিক তারের ঝুঁকি কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

