দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১০ কোটি ৮২ লক্ষাধিক টাকা দামের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ (শুক্রবার) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। বিজিবির দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) গত বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যগুলো জব্দ করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। তিনি বলেন, মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা ও নৈতিকতাকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের করাল ছোবলে আক্রান্ত হয়, তখন জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা অনস্বীকার্য।
বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের (পিএসসি, জি) বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। অসাধু চক্র দেশের বিস্তীর্ণ সীমান্ত ব্যবহার করে প্রতিনিয়ত মাদক প্রবেশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুস্থ সমাজ গঠনে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বিজিবি সীমান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জিদান আল মুসা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

