ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৫ এএম

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রিলিফ ট্রেন ও রেলওয়ের কর্মকর্তাদের দীর্ঘ প্রচেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়। পরে দুর্ঘটনাস্থলের ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এর আগে গত বুধবার রাত ১০টা ৪৪ মিনিটে গৌরীপুর জংশন ত্যাগের মাত্র দুই মিনিটের মাথায় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই লাইনচ্যুত কোচ তিনটি রেখেই বাকি ১১টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

ট্রেনটির পরিচালক মাসুদ মিয়া জানান, স্টেশন ছেড়ে আসার সময় ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কেন বা কী কারণে বগিগুলো লাইনচ্যুত হলো, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রী ইফতেখার ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনিতে তারা ভয় পেয়ে যায়। অপর যাত্রী নেওয়াজ আলী জানান, হুড়োহুড়ি করে কোচ থেকে নামতে গিয়ে সাত-আটজন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করেছে এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে।