ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফতুল্লায় ৯ টন নিষিদ্ধ পলিথিনসহ লরি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে প্রায় ৯ টন নিষিদ্ধ পলিথিনসহ একটি লরি আটক করেছে র‌্যাব-১১। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লার ভুঁইগর এলাকার রঘুনাথপুর আজিমুসান জামে মসজিদসংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লরির চালক ইমাম হোসেনকে আটক করা হয়েছে। ইমাম হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলার আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, ‘মেসার্স মক্কা ট্রান্সপোর্ট সার্ভিস’ নামক পরিবহন সংস্থার লরি থেকে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। আটক চালক ইমাম হোসেন  জানান, মৌচাক স্ট্যান্ড-সংলগ্ন এলাকায় ৩০ মিনিট অবস্থানকালে বিভিন্ন সময়ে সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাদের গতি রোধ করে এবং চালানের মেমো ছিনিয়ে নেয়। এরপর গাড়িটি ওই এলাকায় কয়েকবার ঘুরিয়ে রাখা হয়।

অন্যদিকে, ‘অ্যাডভান্স পার্সেল’ নামক প্রতিষ্ঠানের কর্মী মসিউর রহমান অভিযোগ করেন, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের সামনে গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। সেখানে গেলে কয়েক ব্যক্তি তাদের সহকর্মীকে জিম্মি করে টাকা দাবি করে। মসিউর রহমান বলেন, ওই ব্যক্তিরা আমাদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ভয়ভীতি দেখায় এবং পুলিশে দেওয়ার হুমকি দেয়। পরে র‌্যাব কার্যালয়ে অভিযোগ করলে দেড় ঘণ্টা পর তারা আমাদের সহকর্মীকে ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত রাতে হাইওয়ে পুলিশ লরিটি আটক করলেও অজ্ঞাত কারণে তা ছেড়ে দেয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মাহাবুব জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত। র‌্যাব ও পুলিশ যৌথভাবে নিষিদ্ধ পলিথিনসহ লরিটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।