নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরসেবা উপহার দেওয়ার লক্ষ্যে একযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫৭টি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাসিকের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম আনুষ্ঠানিকভাবে ১ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় তিনটি নতুন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উদ্বোধনকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীকে আধুনিক ও টেকসই নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে সিটি করপোরেশন বদ্ধপরিকর। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নকাজগুলো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি।
কার্যক্রম উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানাসহ করপোরেশনের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুম সামনে রেখে জলাবদ্ধতা নিরসন এবং মশাবাহিত রোগ প্রতিরোধে এই ড্রেন পরিষ্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক ভোগান্তি কমাতে এবং নগরীর পরিবেশ সুন্দর রাখতে এই কার্যক্রম চলমান থাকবে।

