দিনাজপুরের পার্বতীপুরে পানিতে ডুবে তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামের কালনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেনÑ ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন (২০), দুলালী খাতুন (১৩) এবং সুরভী খাতুন (১০)। তাদের মধ্যে আকলিমা খাতুন সম্পর্কে ভাবি এবং দুলালী ও সুরভী আপন দুই বোন ও তার ননদ।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালনদীর একটি অংশে ভাবি ও দুই ননদ পানিতে নামেন। অসাবধানতাবশত একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এবং তাদের উদ্ধার করে ডাঙায় আনেন। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে তাদের মৃত্যু হয়। জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, একই সঙ্গে পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। তাদের এই অকালমৃত্যুতে মাতম চলছে পুরো ভাদুরীপাড়া গ্রামে। এলাকাবাসী ও স্বজনদের দাবি, নদী এলাকায় আরও সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন ছিল।

