যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিয়মিত টহল দেওয়ার সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শালকোনা বিওপির সিপাহি শফিউল আলম ও সাজেদ রহমান। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ঘটনার পরপরই তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তারা সিএমএইচে চিকিৎসাধীন।

