ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মালামাল লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৩৪ এএম

লক্ষ্মীপুরে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের তিনজনকে অচেতন করে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অভিরখিল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- স্থানীয় স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫০), তার স্ত্রী শামসুর নাহার (৪২) ও মেয়ে জেবা ফারিয়া (১৪)। জানা যায়, সকালে খাবার খেয়ে জামাল স্কুলে চলে যান। স্কুল থেকে ফিরে তিনি স্ত্রী ও মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান এবং নিজেও অসুস্থ বোধ করেন। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জামাল উদ্দিন জানান, দুষ্কৃতকারীরা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।