ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে। গতকাল সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯) ও আব্দুস ছোবান খোকন (৩৯)। তারা সবাই নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে নরসিংদীগামী গরুবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুও মৃত অবস্থায় পাওয়া যায়। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

