ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:০৮ এএম

নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন মাদকাসক্ত ছিল। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগে থাকত। কয়েকদিন আগে সুমনের স্ত্রী ঢাকায় কর্মস্থল থেকে বাড়িতে আসেন, এরপর পারিবারিক বিরোধ আরও বাড়ে। রোববার রাতে বাবার পাশে ঘুমাতে যায় সুমন। পরে ভোররাতে কথাকাটাকাটির একপর্যায়ে সে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে বাবাকে ঘর থেকে উঠানে নিয়ে গিয়ে কাঠের বাটাম ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মহাতাব সরকার মারা যান বলে জানা যায়। ঘটনার পর সুমন পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে সকালে মরদেহ উদ্ধার করা হয়। নওগাঁ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’