সিরাজগঞ্জের কামারখন্দে হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে উপজেলার জামতৈল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ জামতৈল এলাকার আব্দুল জলিল তালুকদারের ছেলে রুহুল আমিন তালুকদার এবং তার চাচা মনতাজ তালুকদার।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ভুক্তভোগী সাবিনা ইয়াসমিনের দায়ের করা হত্যাচেষ্টা (দ-বিধির ৩০৭ ও ৩২৬ ধারা) মামলায় তারা এজাহারভুক্ত আসামি। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তারা মামলার বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ, প্রাণনাশের হুমকি ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিরা নিয়মিত তাদের বাড়ির আশপাশে গিয়ে অশান্তি সৃষ্টি করছেন। গত ১৩ মার্চ জুমার নামাজের পর সাব্বিরের বাবা ও চাচাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া গত ৮ মে সাব্বিরকে তুলে নিয়ে গুম করার হুমকি দিলে মানসিক চাপে তার বড় চাচা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। শুধু তাই নয়, রুহুল আমিন তালুকদার ফেসবুক ও মেসেঞ্জারে উসকানিমূলক পোস্ট এবং ভয়ভীতি প্রদর্শনমূলক বার্তা পাঠাচ্ছেন বলেও পরিবারটি জানিয়েছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত গত ৯ জুলাই চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
কামারখন্দ থানার এসআই মো. শহীদুল জানান, আমাদের কাছে চার আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন