সিলেটের বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক পিতা আবু বক্করকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার পর পলাতক আবু বক্করকে গ্রেপ্তারের পর গতকাল রোববার সিলেটের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার সিএনজি চালক আবু বক্করের মেয়ে। গত শুক্রবার জুমার নামাজের সময় বিয়ানীবাজারের ইনাম গ্রামে নানাবাড়ির পুকুরঘাটে গোসলে থাকা অবস্থায় রিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তার বাবা। ধারালো অস্ত্রের আঘাতে রিয়ার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রিয়া অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে বাবার বাড়িতে ফিরে এলেও ফের স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টায় পারিবারিক ও সামাজিক জটিলতা সৃষ্টি হয়। এই ক্ষোভ ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই নৃশংস এই হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিয়ানীবাজার থানার ওসি আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন