রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। প্রশাসন সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই দুর্গম এলাকায় এই অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় টপসয়েল কাটার কার্যক্রম। উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির উর্বর মাটি কাটা বা অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশ ও জমির উৎপাদন ক্ষমতা রক্ষায় এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন