ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত বুধবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বাহিনীটির দাবি, স্বপন দীর্ঘদিন ধরে নিজ নামে ‘স্বপন বাহিনী’ গঠন করে উপকূলীয় এলাকায় ডাকাতি ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা যৌথভাবে উপজেলার বিচ্ছিন্ন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী ও বাহিনী প্রধান স্বপনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার স্বপন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, স্বপনের বিরুদ্ধে মামলা গিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন