মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নে ডাবল ইট সলিং রাস্তা নির্মানের কাজে নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজের শুরু থেকেই শিডিউল লঙ্ঘন করে নি¤œমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা নির্মাণকাজ তদারকি এবং অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের শিবালয় উন্নয়ন তহবিলের এডিপি প্রকল্পের আওতায় উপজেলার উথলি ইউনিয়নের ফজর পাগলার মাজার গেট থেকে ইছামতি নদী পর্যন্ত ১২০ মিটার ডাবল ইট সলিং রাস্তা নির্মাণের জন্য ৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি পেয়েছে মেসার্স আলেয়া এন্টারপ্রাইজ।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে শুরু থেকেই নি¤œমানের ইট ব্যবহার করা হচ্ছে। তারা প্রতিবাদ জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তা আমলে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মাণকাজে এমন নি¤œমানের উপকরণ ব্যবহারে হতাশ হয়েছেন তারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করলে তা বেশি দিন টিকবে না। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা টেকসই ও মানসম্মত রাস্তা চাই।’
সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা ইট দিয়ে রাস্তার কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে এক শ্রমিক বলেন, ‘আমরা মজুরির ভিত্তিতে কাজ করি। ঠিকাদার যেসব ইট সরবরাহ করেন, সেগুলো দিয়েই কাজ করি।’ তবে নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলেয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজিম। তিনি বলেন, ‘এখানে এক নম্বর ইট দিয়েই কাজ করা হচ্ছে। কোনো নি¤œমানের ইট ব্যবহার করা হচ্ছে না। এ বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলুন।’
এ বিষয়ে শিবালয় উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি সরেজমিনে সাইট পরিদর্শন করব। সেখানে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন