গেপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পল্লি উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, ‘সংগঠনের যেখানে যেখানে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলকে সুসংগঠিত করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সংগঠনকে ঢেলে সাজাতে যেখানে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে আরও বেশি শক্তিশালী করতে হবে। ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাদের মতামত পর্যালোচনা করে দলের কার্যক্রম পরিচালনা করব।’ তিনি বলেন, অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হতো না। ভোটের নামে এখানে গণতন্ত্রকে কলুষিত করা হয়েছে। কিন্তু সর্বশেষ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে এমপি জিলানী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পরপরই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান এবং কৃষক কার্ড বিতরণ তারই অংশ। বিএনপি মানুষের কাছে যে কমিটমেন্ট করে, তা বাস্তবায়নে বিশ্বাস করে। যত দিন দায়িত্বে থাকব, তত দিন মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব। উপজেলা সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন