লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায়ের পর এটি ছিল দলটির প্রথম ম্যাচ। তার ওপর টানা দুই লিগ ম্যাচে জয়হীন ছিল রিয়াল। অবশেষে লস ব্লাঙ্কোস জয়ের ধারায় ফিরেছে। বুধবার রাতে আবার নিজেদের মাঠে সেল্টা ভিগোকে আতিথ্য দেবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে আবারও ব্যবধান ৯ পয়েন্টে নিতে পারবে কাতালানরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৩০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। বুদ্ধিদীপ্ত ফিনিশে এটি ছিল তার মৌসুমের ২৪তম লিগ গোল। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভারদের পাস ধরে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। এটি তার মৌসুমের ১২তম গোল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমায় আলাভেস। স্ট্রাইকার টনি মার্টিনেজ গোল করে স্কোরলাইন ২-১ করেন।

