ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে মারুফুল হক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৩৭ এএম

মালদ্বীপ ফুটবল ফেডারেশনের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে চার জাতি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিতে গত জানুয়ারিতে বাংলাদেশকে আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অবশ্য আবাহনী লিমিটেডের ডাগ আউটে আছেন তিনি। ২৩ মে শেষ হবে লিগ। চার জাতির টুর্নামেন্ট চলবে ১ থেকে ১০ জুন। এর আগেই মাঠের অনুশীলনে নেমে পড়ার কথা। বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও পাকিস্তান।

এ প্রসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘আমরা নীতিগতভাবে ঠিক করেছি মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে থাকবেন মারুফুল হক। এরই মধ্যে তার সঙ্গে কথা বলে সবুজ সংকেত মিলেছে। বুধবার দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগেই হয়তো বাফুফে থেকে আনুষ্ঠানিক চিঠি পাবেন মারুফ ভাই।’

অনূর্ধ্ব-২৩ দল সর্বশেষ খেলেছিল অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। ভিয়েতনামে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যদিও জ¦রের কারণে কোনো ম্যাচেই ডাগ আউটে দাঁড়াতে পারেননি সাবেক এই ফুটবলার।