উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এই বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ দলের ফুটবলারদের মধ্যে চরম হতাশা লক্ষ করা গেছে। ম্যাচশেষে স্টেডিয়ামের মিক্সড জোনে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথাই বলেননি অধিনায়ক মারিয়া মান্দা কিংবা মনিকা চাকমারা। মাথা নিচু করে, কেউবা দুই হাতে মুখ লুকিয়ে দ্রুত পায়ে টিম বাসের দিকে ছুটে যান। এই হারের ফলে সাফের আঙিনায় বাংলাদেশের টানা ১০ ম্যাচের অজেয় যাত্রার অবসান ঘটল। ২০১৯ সালের পর এই প্রথম সাফে হারের তেতো স্বাদ পেলেন লাল-সবুজের মেয়েরা।
ভারতের বিপক্ষে পুরো ম্যাচেই বাংলাদেশের ফুটবল ছিল বেশ এলোমেলো। ম্যাচের দ্বিতীয় মিনিটে সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। মাঝমাঠে মনিকা চাকমা ও অধিনায়ক মারিয়া মান্দার জুটি এদিন একদমই জমেনি। চোট থেকে ফেরা মনিকা যেমন নিজের ছায়া হয়ে ছিলেন, তেমনি মারিয়ার এলোমেলো পাস আক্রমণভাগকে আরও বিভ্রান্ত করেছে। অন্যদিকে রক্ষণভাগের দুর্বলতাও ছিল চোখে পড়ার মতো। সুরমা জান্নাতের ভুলেই ৭৭ মিনিটে পেনাল্টি পায় ভারত এবং শেষদিকে আরও এক গোল খেয়ে ৩-০ ব্যবধানে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দল থেকে বাদ পড়া আফঈদা খন্দকার কিংবা অভিজ্ঞ শিউলি আজিমকে না খেলানোর সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ করেছে কোচের কৌশলকে।
ম্যাচশেষে দলের ভেতরের তাল কেটে যাওয়ার ইঙ্গিত দিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, কিছু ফুটবলারের সেই সর্বোচ্চ স্তরে যাওয়ার ইচ্ছাটুকুই নেই। উদাহরণ দিয়ে তিনি বলেন, ওয়ার্মআপ করতে বললে কিছু খেলোয়াড় হেঁটে হেঁটে যায়, যা একেবারেই পেশাদার আচরণ নয়। তবে এখনই সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন বাটলার। ২০২৪ সালের সাফেও খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আগামীকাল বুধবার সেমিফাইনালে নেপালের বিপক্ষে কঠিন পরীক্ষা মারিয়াদের। ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে সেই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন