আইপিএলের শিরোপা হাতছাড়ার বিষাদ নিয়ে হোটেলে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা। গত রোববার রাতে ফাইনাল ম্যাচশেষে মাঠ থেকে ফেরার পথে দলটির টিম বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হঠাৎ করেই বাসের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে চালক রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই দ্রুত শুভমান গিল, মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদাসহ সব ক্রিকেটারকে নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। এই যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয় তাদের। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিকল্প বাসের ব্যবস্থা করা হলে ক্রিকেটাররা নিরাপদে হোটেলে পৌঁছান।
এই দুর্ঘটনার পর আইপিএলে গুজরাট টাইটান্সের টানা ম্যাচের সূচি এবং ক্রিকেটারদের ক্লান্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। গত ২৭ মে ধর্মশালা থেকে পাঞ্জাবের মুল্লানপুরে পৌঁছানোর পর ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের মুখোমুখি হতে হয়েছিল গিলদের। সেই ম্যাচ জিতে ৩০ মে আহমেদাবাদে পৌঁছানোর কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত শনিবার রাতে তারা সেখানে পৌঁছান। সমর্থকদের কেউ কেউ দাবি করছেন, টানা যাত্রার ধকলে ক্রিকেটাররা প্রচ- ক্লান্ত ছিলেন, যার প্রভাব ফাইনালেও পড়েছে। তবে হারের পেছনে ক্লান্তিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন গুজরাট টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। তিনি স্পষ্ট জানিয়েছেন, অল্প সময়ে টানা ম্যাচ খেলে তারা ক্লান্ত ছিলেন এটা সত্য, কিন্তু স্রেফ ক্লান্তিকেই হারের কারণ দেখিয়ে তিনি প্রতিপক্ষ বেঙ্গালুরুর জয়ের কৃতিত্বকে খাটো করতে চান না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন