রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন দিনে দিনে জোরালো হচ্ছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে তার বর্তমান চুক্তিরও বাকি আর মাত্র এক বছর। তবু এই মুহূর্তে ক্লাব ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করতে রাজি নন রদ্রি। স্পেনের এই তারকা মিডফিল্ডার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার পুরো মনোযোগ এখন বিশ^কাপেই।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার বলেন, চুক্তির শেষ পর্যায়ে থাকা কোনো খেলোয়াড়কে নিয়ে বিভিন্ন ক্লাবের আগ্রহ ও গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক ব্যাপার।
২৯ বছর বয়সি এই মিডফিল্ডার বলেন, ‘আমি বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না। তবে এটি পেশাদার ফুটবলেরই অংশ। যখন কোনো খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসে, তখন বিভিন্ন নাম সামনে আসবেই।’
তবে ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অস্থিরতা নেই বলেও জানিয়েছেন তিনি, ‘আমি খুবই শান্ত আছি। আমি জানি আমার অবস্থান কোথায়। হয়তো সামনে বিশ^কাপ না থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু এখন বিশ^কাপ সামনে, তাই আমার দায়িত্ব পুরোপুরি মনোযোগ ধরে রাখা।’
রদ্রি আরও জানান, বিশ^কাপ চলাকালে নিজের ক্লাব-সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে চান না। তার ভাষায়, ‘আমরা এখানে বিশ^কাপ নিয়ে কথা বলতে এসেছি। আমার ভবিষ্যৎ নিয়ে যা কিছু আছে, সেগুলো নিয়ে আমি বিশ^কাপ শেষ হওয়ার পর কথা বলব।’
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবার ‘এইচ’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে উত্তর আমেরিকায় আয়োজিত বিশ^কাপ।
সংবাদ সম্মেলনে রদ্রি শুধু নিজের ভবিষ্যৎ নয়, দলের মানসিকতা নিয়েও কথা বলেন। সম্প্রতি টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। সেই শিক্ষা সতীর্থদের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছেন স্প্যানিশ তারকা, ‘আমি তাদের বলেছি, বল ছাড়া খেলাটাও আমাদের ছোট দলের মতো খেলতে হবে। এমন মানসিকতা রাখতে হবে, যেন আমরা নিজেদের সেরা মনে না করি।’
‘নাদালের প্রামাণ্যচিত্রে দেখছিলাম, তিনি সব সময় বলতেন, আরেকটি বল, আরেকটি প্রচেষ্টা। মহান চ্যাম্পিয়নরা এভাবেই নিজেদের আলাদা করে। আমাদের দলেও অনেক প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বলেন তিনি।

