ময়মনসিংহের ভালুকায় মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম দৈনিক রূপালী বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ভালুকার জামিরদিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়।
ওসি মো. জাহেদুল আরও জানান, এ ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন